দীর্ঘ ৭২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। শেষ ষোলোর উত্তেজনাপূর্ণ লড়াইয়ে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে সুইসরা।
পুরো ম্যাচজুড়ে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো দল ব্যবধান গড়তে না পারায় ভাগ্য নির্ধারণের দায় পড়ে টাইব্রেকারের ওপর।
টাইব্রেকারে শুরুটা ভালোই ছিল দুই দলের। প্রথম দিকের শটগুলো সফলভাবে জালে জড়ান খেলোয়াড়রা। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে সুইজারল্যান্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল অসাধারণ এক সেভ করে কলম্বিয়াকে চাপে ফেলে দেন। যদিও সুইজারল্যান্ডের হয়ে একটি শট বাইরে মারেন মানুয়েল আকানজি।
শেষ পর্যন্ত জয়সূচক পেনাল্টি থেকে গোল করেন রুবেন ভার্গাস। কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাসকে ভুল পথে পাঠিয়ে নিখুঁত শটে সুইজারল্যান্ডকে ৪-৩ ব্যবধানে জয় এনে দেন তিনি।
১৯৫৪ বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল সুইজারল্যান্ড। দীর্ঘ সাত দশকেরও বেশি সময় পর আবারও শেষ আটে জায়গা করে নিল ইউরোপের দলটি।
টাইব্রেকারে দুই দলেরই অতীত সুখকর ছিল না। ২০০৬ বিশ্বকাপে ইউক্রেনের বিপক্ষে নিজেদের একমাত্র আগের বিশ্বকাপ টাইব্রেকারে হেরেছিল সুইজারল্যান্ড। অন্যদিকে ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে শুটআউটে বিদায় নিতে হয়েছিল কলম্বিয়াকে।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের সামনে এবার শক্তিশালী আর্জেন্টিনা। শনিবার কানসাস সিটিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।
মানবকন্ঠ/এসএস

