আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী কাজের জন্য প্রয়োজনীয় ৯১৪ টন কাগজ নির্ধারিত সময়ের আগেই সরবরাহ করেছে রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পেপার মিলস (কেপিএম)। ১১ কোটি টাকারও বেশি মূল্যের এই কাগজ বাংলাদেশ স্টেশনারি অফিসের (বিএসও) মাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকালে কেপিএম-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ গণমাধ্যমকে জানান, চলতি অর্থ বছরে নির্বাচন কমিশনের চাহিদাপত্র অনুযায়ী ব্রাউন, সবুজ ও গোলাপি রঙের মোট ৯১৪ টন কাগজ উৎপাদন করা হয়েছে। বিএসও থেকে এই কাগজ সরবরাহের শেষ সময় ১৫ জানুয়ারি নির্ধারণ করা হলেও, কেপিএম কর্তৃপক্ষ ১১ জানুয়ারির মধ্যেই পুরো সরবরাহ সম্পন্ন করেছে। সরবরাহকৃত এই কাগজের বর্তমান বাজার মূল্য ১১ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৭৮১ টাকা।
কেপিএম এমডি আরও জানান, প্রতিষ্ঠানটি ২০২৫-২০২৬ অর্থ বছরে সাড়ে ৩ হাজার টন কাগজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। নির্বাচন কমিশন ছাড়াও বিএসও-র মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা বোর্ডসহ ১১টি সরকারি প্রতিষ্ঠানে আরও ১ হাজার ২০০ টন কাগজ পর্যায়ক্রমে সরবরাহ করা হবে।
কাগজ হস্তান্তরের সময় কেপিএম-এর জিএম (কমার্শিয়াল) আবদুল্লা আল মামুন, উৎপাদন বিভাগের প্রধান মঈদুল ইসলাম এবং জিএম (এডমিন) আবদুল্লাহ আল মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments