র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নাম হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। এর আগে বাহিনীটি গঠনের প্রাথমিক পর্যায়ে এর নাম ছিল র্যাপিড অ্যাকশন টিম (র্যাব)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজ থেকে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (SIF) র্যাবের নতুন নাম। প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। আদেশ জারির পর এ নামে কার্যক্রম নতুনভাবে শুরু। পোশাকও পরিবর্তন হচ্ছে। হয়তো পরবর্তী সপ্তাহেই নতুন পোশাকে দেখা যাবে।
তিনি বলেন, দেড় বছরে র্যাবের কাজের মানে পরিবর্তন এসেছে। অনেকের আশা ছিলো, সেজন্য নাম পরিবর্তন করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, টিআইবি তাদের কনসার্ন জানিয়েছে। এখন পুলিশের মনোবল, কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। সুতরাং নির্বাচনে কোনো ধরনের অসুবিধা হবে না।
তিনি বলেন, আল্লাহ চাইলে খুব ভালোভাবে নির্বাচন হবে, এ ক্ষেত্রে কারো কোনো সন্দেহ থাকার দরকার নেই। নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর হবে।
সভা শেষে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কাঠামো ও কার্যক্রম আরও যুগোপযোগী করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম পরিবর্তনের মাধ্যমে বাহিনীর ভূমিকা ও কার্যপরিধি আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন নাম ও কাঠামো বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলেও জানানো হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments