Image description

কারিগরি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে ই-ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকার মালয়েশিয়ান হাইকমিশন। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ই-ভিসা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিশিয়াল ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের কাজের কারণে বর্তমানে malaysiavisa.imi.gov.my সাইটটি সাধারণ ব্যবহারকারীদের জন্য বন্ধ রাখা হয়েছে। এই সময়ের মধ্যে সব ধরনের নতুন ভিসা আবেদন গ্রহণ এবং বর্তমানে প্রক্রিয়াধীন থাকা আবেদনগুলোর অনুমোদন সাময়িকভাবে স্থগিত থাকবে।

হাইকমিশন আরও জানিয়েছে, সিস্টেমের উন্নয়ন কাজ শেষ হওয়া মাত্রই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে পুনরায় কার্যক্রম চালু করা হবে। তবে রক্ষণাবেক্ষণ চলাকালীন যদি কারও অত্যন্ত জরুরি কোনো সহায়তার প্রয়োজন হয়, তবে তাকে সরাসরি ই-মেইলের ([email protected]) মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য আবেদনকারীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মালয়েশিয়ান হাইকমিশন। দ্রুততম সময়ের মধ্যে সেবাটি পুনরায় চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।

মানবকণ্ঠ/ডিআর