Image description

সরকারের উচ্চপর্যায়ের প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। তিন মন্ত্রণালয়ের সচিবকে তাদের বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।

প্রত্যাহার হওয়া তিন সচিব হলেন—
১. মো. সাইফুল্লাহ পান্না: সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়।
২. রেহানা পারভীন: সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
৩. মো. কামাল উদ্দিন: সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রত্যাহারকৃত এই কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরে সংস্কার ও রদবদলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, গত রোববার (২২ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর শীর্ষ পর্যায়েও বড় ধরনের রদবদল করা হয়েছিল। সচিব পর্যায়ের এই পরিবর্তনের পর পুলিশের শীর্ষ পদগুলোতেও শিগগিরই পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মানবকণ্ঠ/ডিআর