Image description

জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরস্থ সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ওইদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা কার্যকর থাকবে।

বুধবার (১১ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, অধিবেশন চলাকালীন সংসদ ভবনে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ সদস্যগণ, বিদেশি কূটনীতিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের যাতায়াত থাকবে। ফলে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং এলাকায় স্বাভাবিকের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

যানজট এড়াতে যেসব বিকল্প পথ অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে:

১. ইন্দিরা রোড-বেগম রোকেয়া সরণি: যারা ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণির দিকে যেতে চান, তারা ডানে মোড় নিতে পারবেন না। বিকল্প হিসেবে সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে পৌঁছাতে হবে।

২. মানিক মিয়া এভিনিউ-বেগম রোকেয়া সরণি: মানিক মিয়া এভিনিউ থেকে খেজুর বাগান হয়ে যারা বেগম রোকেয়া সরণির দিকে যাবেন, তারা বামে মোড় নিতে পারবেন না। এসব যানবাহনকে ফার্মগেট হয়ে যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে।

৩. একমুখী চলাচল: উড়োজাহাজ মোড় থেকে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পাশে দক্ষিণমুখী একমুখী যান চলাচল চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে ডিএমপি ট্রাফিক বিভাগ বিশেষ করে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত নির্দিষ্ট সড়কে ডাইভারশন কার্যকর করার কথা জানিয়েছে। নগরবাসীকে সাময়িক এই অসুবিধা এড়াতে ট্রাফিক নির্দেশনা মেনে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে এবং শেরেবাংলা নগর এলাকায় সুশৃঙ্খল যান চলাচলের জন্য সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

মানবকণ্ঠ/আরআই