Image description

মন্ত্রী ও দলের সংসদ সদস্যদের আচার-আচরণে মার্জিত হওয়ার পাশাপাশি কথা বলা ও চলাফেরায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে গণমাধ্যমের সামনে কথা বলার সময় যার যে দায়িত্ব, তার বাইরে কোনো মন্তব্য না করার বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন তিনি।

বুধবার (১১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় তিনি এসব দিকনির্দেশনা দেন। বেলা সোয়া ১১টায় শুরু হওয়া এই সভা চলে দুপুর ১টা পর্যন্ত। এতে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক করে বলেছেন, সরকারের ভাবমূর্তি বজায় রাখতে হলে নিজেদের মার্জিতভাবে উপস্থাপন করতে হবে। অহেতুক বা দায়িত্বের বাইরে কোনো বিষয়ে মন্তব্য করে বিভ্রান্তি না ছড়াতে তিনি বিশেষভাবে নির্দেশ দেন।

জনকল্যাণমুখী কর্মসূচির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে অনেকে অনেক কথা বলেছিল। কিন্তু ভোটের আঙুলের কালির দাগ মোছার আগেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। এটাই হচ্ছে আসল বিএনপি, জনগণ এই বিএনপিকেই দেখতে চায়।" তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পাশাপাশি সারা দেশে একযোগে খাল খনন কর্মসূচি শুরু করা হবে।

আসন্ন ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার নির্দেশ দিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন প্রধানমন্ত্রী। এছাড়া বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, কিছু বিষয়ে বিভিন্ন পক্ষের ‘নোট অব ডিসেন্ট’ বা দ্বিমত থাকলেও সরকার যেগুলো বাস্তবসম্মত ও দ্রুত বাস্তবায়নযোগ্য, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর করবে।

সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভায় দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মানবকণ্ঠ/আরআই