এক নতুন ঐতিহাসিক পথচলার মধ্য দিয়ে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শেরেবাংলা নগরের সংসদ ভবনে এই অধিবেশন শুরু হয়। সংসদীয় রেওয়াজ অনুযায়ী, নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের আগ পর্যন্ত অধিবেশন পরিচালনার জন্য জ্যেষ্ঠ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে অধিবেশনের ‘সভাপতি’ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সভাপতি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ আসন থেকে নির্বাচিত ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এই প্রস্তাবের ওপর সমর্থন জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংসদীয় গণতন্ত্রের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে সরকারি দলের এই প্রস্তাবকে সমর্থন জানান বিরোধীদলের উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ফলে সর্বসম্মতিক্রমে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
নবনির্বাচিত সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেনের অধীনেই এখন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্বাচন শেষে নতুন স্পিকার শপথ গ্রহণ করবেন এবং পরবর্তী কার্যদিবসগুলোতে তিনি অধিবেশন পরিচালনা করবেন।
দীর্ঘ বিরতির পর নতুন এই সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংসদ নেতা তারেক রহমান ও বিরোধীদলের নেতা ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে এই অধিবেশন দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন বিশ্লেষকরা।
মানবকণ্ঠ/আরআই




Comments