দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১৪৫ জন শিশুর প্রাণহানি ঘটল। এদিকে গত একদিনে নতুন করে আরও ৮৮৮ জন শিশুর মধ্যে ভাইরাসজনিত এই রোগের উপসর্গ দেখা গেছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে সন্দেহভাজন হাম বা হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে এই উপসর্গে মারা যাওয়া ১৪৫ শিশুর প্রায় সবাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
প্রতিবেদনে জানানো হয়, ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে সন্দেহভাজন হাম বা হামের উপসর্গ নিয়ে মোট ৯ হাজার ৪৬৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত একদিনে ভর্তি হয়েছে ৮৮৮ জন। তবে আশার কথা হলো, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ৭ হাজার ২২ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
বিভাগওয়ারী তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এখন পর্যন্ত ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ হাজার ৭৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এরপরই রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে আক্রান্ত ২ হাজার ৬৯০ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৫ জন, খুলনা বিভাগে ১ হাজার ১৬৬ জন, বরিশাল বিভাগে ৯০৮ জন, সিলেট বিভাগে ৬৪৪ জন, রংপুর বিভাগে ৫৪৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩৪৮ জন শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments