Image description

সারা দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৫৯ জন। সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সোমবার পর্যন্ত সারা দেশে মোট ৩৭২ জন শিশুর প্রাণহানি ঘটেছে। সরকারি এই পরিসংখ্যানে প্রতিদিন মৃত্যুর গড় হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৫ হাজার ৯৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে যথাযথ চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৯৯২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে কয়েক হাজার শিশু চিকিৎসাধীন রয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতার বাইরে থাকা এবং ভাইরাসের দ্রুত সংক্রমণের কারণে পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। আক্রান্ত শিশুদের দ্রুত পুষ্টিকর খাবার এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন-এ ক্যাপসুলসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা।

তীব্র জ্বর ও শরীরে লালচে দানাদার র‌্যাশ দেখা দিলে কালক্ষেপণ না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মানবকণ্ঠ/আরআই