Image description

ঢাকার শিশুরা প্রতিদিন গড়ে প্রায় পাঁচ ঘণ্টা সময় ডিজিটাল স্ক্রিনে (মোবাইল, টিভি, ট্যাব বা কম্পিউটার) তাকিয়ে থাকে। অতিরিক্ত এই স্ক্রিন ব্যবহারের ফলে শিশুদের পর্যাপ্ত ঘুম ব্যাহত হচ্ছে এবং তারা স্থূলতা ও বিভিন্ন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। আইসিডিডিআর,বির নতুন এক গবেষণায় এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ঢাকার ছয়টি স্কুলের ৬ থেকে ১৪ বছর বয়সী ৪২০ জন শিশুর ওপর এই গবেষণা পরিচালনা করা হয়। অংশগ্রহণকারী স্কুলগুলোর মধ্যে তিনটি ছিল বাংলা মাধ্যম এবং তিনটি ইংরেজি মাধ্যম। গবেষণার ফলাফল সম্প্রতি জার্নাল অফ মেডিকেল ইন্টারনেট রিসার্চ হিউম্যান ফ্যাক্টরস্-এ প্রকাশিত হয়েছে।

গবেষণায় শিশুদের সঙ্গে সরাসরি কথা বলা, শারীরিক পরীক্ষা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। 

এ ক্ষেত্রে পিটসবার্গ স্লিপ কোয়ালিটি ইনডেক্স (পিএসকিউআই), স্ট্রেংদস অ্যান্ড ডিফিকাল্টিস কোয়েশ্চেনেয়ার (এসডিকিউ) এবং ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েল-বিয়িং অ্যাসেসমেন্ট (ডিএডব্লিউবিএ) ব্যবহার করা হয়েছে।

গবেষণার ফলাফলে দেখা গেছে, প্রতি পাঁচজন শিশুর মধ্যে চারজন বা প্রায় ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় ডিজিটাল স্ক্রিন ব্যবহার করে। গড়ে প্রতিটি শিশু দিনে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইসে সময় কাটায়, যা শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমার তুলনায় অনেক বেশি।

গবেষণায় দেখা যায়, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে এবং প্রায় ৮০ শতাংশ শিশু ঘন ঘন মাথাব্যথার অভিযোগ করেছে। যারা দিনে দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করে, তাদের গড় ঘুমের সময় মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা। অথচ বিশেষজ্ঞদের মতে, এই বয়সী শিশুদের সুস্থ বিকাশের জন্য প্রতিদিন অন্তত ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন। 

প্রায় ১৪ শতাংশ শিশু অতিরিক্ত ওজন বা স্থূলতায় আক্রান্ত এবং অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারীদের মধ্যে এ প্রবণতা তুলনামূলক বেশি। একই সঙ্গে প্রতি পাঁচজন শিশুর মধ্যে প্রায় দুইজন দুশ্চিন্তা, অতিচঞ্চলতা কিংবা আচরণগত সমস্যাসহ এক বা একাধিক মানসিক স্বাস্থ্য জটিলতায় ভুগছে।

গবেষকরা জানিয়েছেন, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে শিশুদের ঘুমের স্বাভাবিক চক্র ব্যাহত হয়। দীর্ঘসময় বসে থাকার ফলে শারীরিক পরিশ্রম ও খেলাধুলা কমে গিয়ে স্থূলতার ঝুঁকি বাড়ে। পাশাপাশি চোখে চাপ, মাথাব্যথা, মনোযোগের ঘাটতি এবং সামাজিক মেলামেশা কমে যাওয়ার মতো সমস্যাও দেখা দেয়।

গবেষণার প্রধান গবেষক ও আইসিডিডিআর,বি-এর অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট ডা. শাহরিয়া হাফিজ কাকন বলেন, শিশুদের দেরিতে ঘুমানো, ঘন ঘন মাথাব্যথা বা চোখে অস্বস্তি, খিটখিটে আচরণ, বাইরের খেলাধুলায় অনীহা কিংবা মনোযোগ কমে যাওয়ার মতো লক্ষণকে গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। এগুলো অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের প্রাথমিক সতর্কসংকেত হতে পারে।