Image description

দ্রুতগতির এই যুগে যেখানে সবকিছুই ক্ষণস্থায়ী, সেখানে মির্জা গালিবের কবিতা আজও সময় ও স্থান পেরিয়ে চিরন্তন হয়ে রয়েছে। ঊনবিংশ শতাব্দীর এই মহান কবির কাব্যের গভীরতা এবং বুদ্ধিমত্তা এমন এক ধারা তৈরি করেছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে পাঠকের হৃদয়ে অনুরণিত করে চলেছে। কিন্তু কী কারণে গালিবের কবিতা এতটা চিরন্তন?

২৭ ডিসেম্বর ২২৭তম জন্ম দিন পা দেয়া মির্জা আসাদুল্লাহ বেগ খান নামে জন্মগ্রহণকারী গালিবের কাব্যিক প্রতিভাকে মানবিক আবেগ, প্রেম এবং অস্তিত্ববাদী চিন্তাভাবনার জটিলতায় বন্দী করে রেখেছে। গালিব এমন এক সময়ে বেঁচে ছিলেন যখন মুঘল সাম্রাজ্যের পতন আর ব্রিটিশ ঔপনিবেশিকতার উত্থান ঘটেছিল। তাঁর জীবন ছিল দুঃখে ভরা—সাতটি সন্তানের মৃত্যু, আর্থিক সংকট, এবং জীবনের অর্থ খোঁজার এক অন্তর্দ্বন্দ্ব। এই অভিজ্ঞতাগুলো তাঁর কবিতায় গভীর প্রভাব ফেলেছিল, যা প্রেম, বেদনা এবং জীবনের জটিলতায় পূর্ণ। তবে গালিব শুধু দুঃখের কবি ছিলেন না। তাঁর তীক্ষ্ণ বুদ্ধি, বিদ্রোহী মনোভাব এবং ধর্ম ও সমাজ নিয়ে অনানুষ্ঠানিক দৃষ্টিভঙ্গি তাঁকে একটি রহস্যময় চরিত্রে পরিণত করেছে। 

তার কবিতা, গীতিকা, এবং শায়েরি বাংলা, হিন্দি এবং উর্দু সাহিত্যের মধ্যে এক অমূল্য রত্ন হিসেবে বিবেচিত হয়। তিনি কেবল কবিতা বা গীতিকার সীমানায় সীমাবদ্ধ থাকে নি, তার সাহিত্যিক দৃষ্টিভঙ্গির মধ্যে গভীর দর্শন, মানবিকতা, প্রেম, দুঃখ, আধ্যাত্মিকতা এবং জীবনের অস্থিরতাকে এক অনবদ্য চিত্রের মাধ্যমে উপস্থাপন করেছেন। তার শেরগুলোর ভাষা এবং ভাবনার মধ্যে রয়েছে এমন একটি আবেগ, যা পাঠককে এক গভীর নৈতিক ও মানসিক অভিজ্ঞতা প্রদান করে।

তিনি কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একজন যুগবিরোধী দার্শনিক, এক বিস্ময়কর সাহিত্যিক, যিনি নিজ জীবনকে এবং তার কাব্যিক অভিব্যক্তির মাধ্যমে বিশ্বের নানা সত্যকে উন্মোচন করেছিলেন। তার শেরগুলি এখনও মানুষের মনে নতুন করে আলো জ্বালিয়ে দেয় এবং আধুনিক কবিতার এক শক্তিশালী ভিত্তি স্থাপন করে।

আজকের প্রযুক্তি-নির্ভর জীবনে গালিবের কবিতা যেন এক আহ্বান —যা জীবনের চিরন্তন প্রশ্নগুলোর দিকে নজর দেওয়ার একটি সুযোগ দেয়। তাঁর অপ্রাপ্ত বাসনা, অস্তিত্বের দ্বন্দ্ব এবং প্রেমের জটিলতা বিশ্বজুড়ে সকল মানুষের কাছে প্রাসঙ্গিক। উদাহরণস্বরূপ, তাঁর বিখ্যাত শের:

হাজারো খ্বাহিশেঁ অ্যায়সি কে হার খ্বাহিশ পে দম নিকলে,
বহুত নিকলে মেরে আরমান, লেকিন ফির ভি কম নিকলে।

এর বাংলা অর্থ দাঁড়ায়-হাজারো আকাঙ্ক্ষা নিয়ে জীবন যায়, প্রতিটি মুহূর্তে নতুন চাওয়া জাগায়
অনেক পাওয়া হয়েছে, তবুও মনে হয়, কিছু একটা এখনো অধরা রয়ে গেছে।

এই অপ্রাপ্তির আকাঙ্ক্ষা মানবজাতির একটি সাধারণ বৈশিষ্ট্য যা আজকের ভোগবাদী সমাজে আরও প্রাসঙ্গিক। গালিব আমাদের মনে করিয়ে দেন যে ভৌত আকাঙ্ক্ষাগুলো ক্ষণস্থায়ী, কিন্তু অন্তর্দৈহিক পূরণের অনুসন্ধান চিরন্তন। গালিবের কবিতায় হৃদয়ের স্পন্দন ধরে রাখে প্রেমের নানা রূপ। বিচ্ছেদের বেদনা, মিলনের আনন্দ, অপেক্ষার উৎকণ্ঠা—সবই তাঁর কবিতায় মিশে আছে। আজকের দিনে যখন প্রেমের সংজ্ঞা বদলাচ্ছে, তখনও গালিবের কবিতা আমাদের মনে করিয়ে দেয়, প্রেমের গভীরতা কখনোই কমে না।

তাঁর অমর কথা, "ইশক পার জোর নেহি হ্যায় ইয়ে ওহ আতিশ গালিব, জো লাগায়ে না লাগে অউর বুজায়ে না বানে। "

বাংলায় বলতে গেলে, "ভালোবাসার উপর জোর চলে না গালিব!  এটা সেই আগুন,যা জ্বালালে জ্বলে না, আর নিভালে নিভে না। ,"

যা আমাদের মনে করিয়ে দেয়, প্রেম এক অপ্রতিরোধ্য শক্তি, যা জ্বলেও না, নিভেও না। এটি এমন এক আগুন, যা অন্তরে জ্বলে ওঠে এবং অনন্তকাল ধরে জ্বলতে থাকে।

গালিবের কলমে জন্ম নেওয়া প্রতিটি শব্দই যেন জীবনের একটি গভীর সত্যকে প্রকাশ করে। যখন তিনি বলেন, "হাতের তালুর রেখায় ভাগ্য দেখতে যেও না গালিব! ভাগ্য তাদেরও আছে যাদের হাত নেই," তখন তিনি আমাদের মনে করিয়ে দেন যে ভাগ্য হাতের রেখায় নয়, মনের জোরে নির্ধারিত হয়। আবার যখন তিনি বলেন, "পৃথিবীতে পোশাকবিহীন এসেছিলে, হে গালিব! একটি কাফনের জন্য এত লম্বা সফর করলে!" তখন তিনি জীবনের অস্থায়িত্ব এবং মৃত্যুর অনিবার্যতা সম্পর্কে এক মর্মস্পর্শী সত্য উপস্থাপন করেন। এই উক্তিগুলো সৃষ্টিকর্তার প্রতি মানুষের নির্ভরশীলতা এবং জীবনের অর্থ খুঁজে পাওয়ার আকুলতা প্রকাশ করে।

এই উক্তিগুলোর মধ্যে দিয়ে গালিব আমাদেরকে জীবনের গভীরতম সত্যের দিকে নিয়ে যান। তাঁর কবিতা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন ক্ষণস্থায়ী, এবং আমাদের প্রকৃত ধন হলো আমাদের মন এবং আত্মা। তিনি আমাদেরকে বুঝতে সাহায্য করেন যে সুখ বা দুঃখ, সফলতা বা ব্যর্থতা—এ সবই জীবনের অংশ।

কালের পরিক্রমায়ও গালিবের কবিতা প্রাসঙ্গিক থাকার কারণ হলো তার কবিতা শুধু ভাষার সৌন্দর্যে সীমাবদ্ধ নয়, বরং তার বিষয়বস্তু মানব জীবনের সর্বজনীন সত্যকে ধারণ করে। প্রেম, বিচ্ছেদ, আশা, নিরাশা, জীবন ও মৃত্যু—এই সবই গালিবের কবিতায় প্রতিফলিত হয়। আজকের এই ব্যস্ত জীবনে, যেখানে মানুষ প্রতিনিয়ত দৌড়ঝাঁপ করে চলেছে, গালিবের কবিতা আমাদেরকে এক মুহূর্তের জন্য থামতে, নিজের মধ্যে তাকাতে এবং জীবনের গভীর অর্থ খুঁজতে বাধ্য করে। তাঁর শেরগুলি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সকলেই একই রকম অনুভূতি অনুভব করি, একই রকম প্রশ্নের উত্তর খুঁজি।

মানবকণ্ঠ/এসআর