দেশের টেলিযোগাযোগ খাতে বড় ধরনের ঝড় উঠেছে। আগামী ১৪ জানুয়ারি ২০২৬-এ ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের ৫জি স্পেক্ট্রাম নিলামে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের জন্য এক কিলোহার্টজও ফ্রিকোয়েন্সি রাখা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বিটিআরসি এই ব্যান্ডের মোট ৪৫ মেগাহার্টজের মধ্যে প্রথমে ২৫ মেগাহার্টজ এবং পরে বাকি ২০ মেগাহার্টজ সম্পূর্ণ নিলামে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, সম্প্রতি বিটিআরসি ও অপারেটরদের এক বৈঠকে একটি বিদেশি মোবাইল কোম্পানি প্রকাশ্যে দাবি জানায়, টেলিটকের জন্য কোনো ফ্রিকোয়েন্সি রাখা হোক না। এই ঘটনা অনেকের কাছে বিদেশি অপারেটরদের পরিকল্পিত ষড়যন্ত্রের স্পষ্ট প্রমাণ বলে মনে হচ্ছে।
৩জি-৪জি চালুর সময় জনস্বার্থে টেলিটককে স্পেক্ট্রাম বরাদ্দ দেওয়া হলেও ৫জি যুগে তাকে পুরোপুরি বাদ দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ৭০০ মেগাহার্টজ ব্যান্ড অল্প বিটিএস দিয়েই বিশাল এলাকা কভার করা যায়। এটি টেলিটকের মতো সীমিত বিনিয়োগে বেশি এলাকা কভার করা অপারেটরের জন্য জীবন-মরণ প্রশ্ন। এ ব্যান্ড না পেলে গ্রাম-গঞ্জের লক্ষ লক্ষ মানুষ সাশ্রয়ী ৫জি থেকে বঞ্চিত হবে।
টেলিটকের ইতিহাসই বলে, এটি কখনো শুধু ব্যবসা করেনি, জনকল্যাণ করেছে। ২০০৪ সালে যাত্রা শুরু করে প্রতি মিনিট কলরেট ৩ টাকা নির্ধারণ করে বিদেশি কোম্পানিগুলোকে দাম কমাতে বাধ্য করেছিল। দুর্গম পার্বত্য ও উপকূলীয় এলাকায় সরকারি নির্দেশে নেটওয়ার্ক পৌঁছে দিয়েছে। অনলাইন বিদ্যুৎ বিল, ভর্তি ফি, চাকরির আবেদনের মতো জনকল্যাণমূলক ডিজিটাল সেবায় এগিয়ে আছে। বেসরকারি অপারেটররা ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগ করলেও টেলিটক মাত্র ৬ হাজার কোটি টাকা দিয়েই সারাদেশে সেবা দিচ্ছে। বিটিএস সংখ্যায় অন্য অপারেটরদের তুলনায় মাত্র এক-চতুর্থাংশ থাকার পরও এই ব্যান্ড না পেলে ৫জি যুগে টেলিটক পুরোপুরি ছিটকে পড়বে।
টেলিকম বিশেষজ্ঞরা এ সিদ্ধান্তকে “টেলিটকের মৃত্যুদণ্ড স্বাক্ষর” বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে, এর ফলে বিদেশি অপারেটরদের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হবে, সাধারণ মানুষ সাশ্রয়ী সেবা থেকে বঞ্চিত হবে।
বিশিষ্ট সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, “সরকার বিদেশিদের সব দিয়ে দেওয়ার মিশন নিয়েছে। যে খাতগুলো লাভজনক, সেখানে বিদেশিদের আনছেন একের পর এক। তারা কোনো ঝুঁকি নেবে না, শুধু ক্রিমটা তুলে নেবে। চট্টগ্রাম বন্দরের কথা ভাবেন—কোনো টেন্ডার ছাড়াই ‘বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানি’কে দেওয়া হচ্ছে। এই সরকার যতদিন আছে, এদের কাছে কান্নাকাটি করলে শুধু চোখের পানি নষ্ট হবে। তারা একটা মিশন নিয়ে এসেছে। শুনছি ফেব্রুয়ারি পর্যন্তই এই মিশন চলবে—যদি কথা রাখে। কিন্তু এখন পর্যন্ত কথা না রাখারই নজির বেশি।”
টিআরএনবি’র সহ-সভাপতি রাশেদ মেহেদী বলেন, “স্টারলিংকের লাইসেন্স ফি ১২ লাখ টাকা, দেশীয় আইএসপির ২৫ লাখ। প্রশ্ন হলো, স্টারলিংক বড় কোম্পানি, নাকি আমাদের দেশীয় উদ্যোক্তারা?” তিনি আরও বলেন, খসড়া অধ্যাদেশের ৩৩ ধারায় বিটিআরসিকে ক্ষমতাহীন করে পাঁচ মন্ত্রীর হাতে নিয়ন্ত্রণ তুলে দেওয়া হচ্ছে।
আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, নতুন গাইডলাইনে মোবাইল অপারেটররা ফাইবার ও ফিক্সড লাইন সেবা দিতে পারবে—তাহলে দেশীয় আইএসপিদের ব্যবসা কীভাবে টিকবে? ফাইবার অ্যাট হোমের ডিএমডি সুমন আহমেদ সাবির বলেন, “বিদেশিরা সব লেয়ারে ঢুকতে পারবে, দেশীয় উদ্যোক্তারা পারবে না। এটা আগের নীতির পুরো উল্টো। আগে লোকাল উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া হতো, এখন তাদের শেষ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “একটা সময় বাংলাদেশের টেলিকম খাত বিদেশি ছাড়া চিন্তা করা যেত না। এখন আমরা সক্ষমতা অর্জন করেছি। এই সেক্টর কি পুরোপুরি বিদেশিদের হাতে তুলে দেব?”
আইজিডব্লিউ ফোরামের সিওও মুশফিক মনজুর আশির দশকের ওষুধ শিল্পের উদাহরণ দিয়ে বলেন, “সরকার নীতি দিয়ে দেশীয় কোম্পানিকে বড় করেছিল, বিদেশিরা গুটিয়ে গিয়েছিল। টেলিকমেও একইভাবে দেশীয় শিল্প গড়ে তোলা যায়। কিন্তু এখন উল্টো পথে হাঁটা হচ্ছে।”
সচেতন মহলের একটাই প্রশ্ন—রাষ্ট্রীয় সম্পদ বিদেশি কোম্পানির পকেটে তুলে দিয়ে কি দেশের স্বার্থ রক্ষা হচ্ছে? নাকি টেলিটক ও দেশীয় উদ্যোক্তাদের পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া হচ্ছে? বিশেষজ্ঞরা অবিলম্বে ৭০০ মেগাহার্টজ নিলামের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে টেলিটকের জন্য ন্যূনতম স্পেক্ট্রাম সংরক্ষণের দাবি জানিয়েছেন।

