প্রায় ১০ বছর ধরে ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোর সঙ্গে সম্পর্কে ছিলেন বলিউডর অভিনেত্রী তাপসী পান্নু। পরে অলিম্পিক পদকজয়ী এই তারকাকে বিয়ে করেন তিনি। বিয়ের তিন বছরের মাথায় এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবন নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। জানালেন, তিনি যে বিবাহিত, সেটাই নাকি ভুলতে বসেছেন।
তাপসী ও মাথিয়াসের দাম্পত্যজীবনে কোনও অশান্তির আঁচ নয়। বরং তারা পরস্পরের সঙ্গে সুখে রয়েছেন। অভিনেত্রীর মতে, বিয়ে মানেই জীবনের আমূল পরিবর্তন নয়।
তাপসী পান্নু বলেন, ‘আমার স্বামী এই সম্পর্কটা কখনও বোঝা হতে দেননি। বিয়ের আগে আমার একটাই শর্ত ছিল, সব কিছু যেন আগের মতোই থাকে। সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনও মানে হয় না। আমি যে বিবাহিত, সেটাই ভুলে যাই।’
বিয়ের বিষয়ে তিনি খানিকটা সেকেলে বলে দাবি করেন তাপসী। বিয়ে মানে সেটা যে সারাজীবনের বন্ধন, তাতেই আস্থা রাখেন ‘ডানকি’ অভিনেত্রী।
তাপসী জানান, জীবনসঙ্গী হিসেবে তিনি এমন কাউকে চাননি, যিনি তার কথায় উঠবেন-বসবেন। এছাড়া ম্যাথিয়াসও কখনো তার ওপর কোনো চাপ সৃষ্টি করেননি। সম্পর্কের শুরু থেকেই তাদের মধ্যে এক অদ্ভুত সহজ সমীকরণ ছিল। মাথিয়াসের সঙ্গে তার সম্পর্ক সুদীর্ঘ চলার কারণ, তারা দু’জনেই বাস্তববাদী।




Comments