Image description

১২ বছরের ছোট বলিউড অভিনেতা অর্জুন কাপুর-এর সঙ্গে প্রেম নিয়ে একসময় কম আলোচনা-সমালোচনা হয়নি মালাইকা অরোরার। শেষ পর্যন্ত সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের এক বছর পেরোতে না পেরোতেই এবার নতুন প্রেমের গুঞ্জন নিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন মালাইকা।

সম্প্রতি ইতালির রাজধানী রোমে ছুটি কাটাতে গিয়ে কথিত প্রেমিক হর্ষ মেহতার সঙ্গে তার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। মূলত সেই ছবিকে ঘিরেই নতুন আলোচনা শুরু হয়। মালাইকার সঙ্গে হর্ষ মেহতার বয়সের পার্থক্য দাঁড়ায় ১৯ বছর।

নেটিজেনদের দাবি, ৩৩ বছর বয়সী উদ্যোক্তা হর্ষ মেহতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মালাইকা। যদিও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কেউই কোনো মন্তব্য করেননি।

ইতালিতে ভ্রমণের সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মালাইকাকে দেখা যায় ওভারসাইজড কালো ট্রেঞ্চ কোটে। নো-মেকআপ লুক ও স্লিক হেয়ারস্টাইলে তাঁকে স্বাভাবিক অথচ স্টাইলিশ দেখাচ্ছিল। অন্যদিকে ধূসর রঙের জ্যাকেটে স্বচ্ছন্দ ভঙ্গিতে দেখা যায় হর্ষ মেহতাকে।

এর আগে গত বছর মুম্বাইয়ে গায়ক এনরিকে ইগলেসিয়াস–এর কনসার্টে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই মালাইকা ও হর্ষকে নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন শুরু হয়। এবারের ইতালি সফর সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দুজনকে রোমের বিখ্যাত ট্রেভি ফাউন্টেন–এর সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সূত্র: ইন্ডিয়া টুডে