রাজধানীর যাত্রাবাড়ী জুরাইন হুন্ডিগড় এলাকায় আজ রোববার সকাল ৯টার দিকে লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন আজিজুল ইসলাম (৫৮) এবং সাইফুল ইসলাম (৫৫)। আজিজুল ইসলাম একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন এবং গেন্ডারিয়া সতীশ সরকার রোডে পরিবারসহ ভাড়া থাকতেন।
তার বাবার নাম সালামৃধা। অপরদিকে সাইফুল ইসলাম একটি মোটরের দোকানে কর্মচারী ছিলেন এবং পরিবারের সঙ্গে একই এলাকায় ভাড়া থাকতেন; তার বাবার নাম লোকমান খন্দকার।
দুর্ঘটনার সময় পথচারী খোকন জানান, জুরাইনের হুন্ডিগড় এলাকায় বাহাদুর শাহ বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ ঘটে। এতে দুজন গুরুতর আহত হন এবং উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, চিকিৎসকের বরাত দিয়ে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments