Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণার সমাপনী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

এরই মধ্যে বিভিন্ন সংসদীয় আসনে বেসরকারিভাবে বিজয়ীদের নাম প্রকাশিত হয়েছে। অধিকাংশ আসনে বিএনপি প্রার্থীরা জয় পেয়েছেন। পাশাপাশি কয়েকটি আসনে জোট ও স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচিত হয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিভাগভিত্তিক বিজয়ীদের তালিকা নিচে তুলে ধরা হলো—

রংপুর বিভাগ

পঞ্চগড়-১ আসনে মুহাম্মদ নওশাদ জমির ও পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদ নির্বাচিত হয়েছেন। ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২ আসনে আবদুস সালাম এবং ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জয়লাভ করেছেন।

দিনাজপুর-১ থেকে মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ থেকে সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ থেকে সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ থেকে আক্তারুজ্জামান মিয়া এবং দিনাজপুর-৬ থেকে আবু জাফর মো. জাহিদ নির্বাচিত হয়েছেন।

লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী ও কুড়িগ্রামের বিভিন্ন আসনেও বিএনপি প্রার্থীরা বিজয় অর্জন করেছেন।

রাজশাহী বিভাগ

জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের অধিকাংশ আসনে বিএনপি প্রার্থীরা জয় পেয়েছেন। বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়েছেন।

রাজশাহী-২ আসনে মিজানুর রহমান মিনু এবং রাজশাহী-৬ আসনে মো. আবু সাইদ চাঁদসহ বিভাগের বিভিন্ন আসনে দলটির প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

খুলনা বিভাগ

মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা, যশোর, খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীরা জয় পেয়েছেন। খুলনা-২ আসনে শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এবং খুলনা-৬ আসনে মো. আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।

ঢাকা বিভাগ

ঢাকার একাধিক আসনে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস এবং ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ নির্বাচিত হয়েছেন।

গাজীপুর ও নরসিংদীর আসনগুলোতেও দলটির প্রার্থীরা জয়লাভ করেছেন।

চট্টগ্রাম ও সিলেট বিভাগ

চট্টগ্রামের অধিকাংশ আসনে বিএনপি প্রার্থীরা জয় পেয়েছেন। চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম-৭ আসনে হুম্মাম কাদের চৌধুরী বিজয়ী হয়েছেন।

সিলেট অঞ্চলেও দলটির প্রার্থীরা সাফল্য অর্জন করেছেন। সিলেট-১ আসনে খন্দকার আবদুল মুক্তাদীর এবং হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া নির্বাচিত হয়েছেন।

জোট ও স্বতন্ত্র প্রার্থীদের জয়

কয়েকটি আসনে জোট ও স্বতন্ত্র প্রার্থীরাও জয়লাভ করেছেন। পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নূর, ভোলা-১ আসনে আন্দালিভ রহমান পার্থ, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকি এবং বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলনের মো. অলী উল্লাহ নির্বাচিত হয়েছেন।

মানবকণ্ঠ/আরআই