বিশ্ববিদ্যালয়গুলোকে ‘রিসার্চ হাব’ হিসেবে গড়ে তোলার আহ্বান জাকের পার্টি ছাত্র ফ্রন্টের
বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণানির্ভর ‘রিসার্চ হাব’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট। সংগঠনটির দাবি, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেবল সনদপ্রাপ্ত বেকার তৈরির কারখানা না বানিয়ে গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা প্রয়োজন।
শুক্রবার সরকারি তিতুমীর কলেজে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে এই দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে জাতীয় শিক্ষানীতি গঠন করতে হবে।
ছাত্র রাজনীতির নামে বর্তমান সময়ে যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চলছে, তা পরিহার করার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, “শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আদর্শিক ছাত্র রাজনীতির কোনো বিকল্প নেই। আর জাকের পার্টি ছাত্র ফ্রন্ট সেই আদর্শিক রাজনীতির ধারা অব্যাহত রেখে যাচ্ছে।”
অনুষ্ঠানটি ছিল ব্যতিক্রমধর্মী ইফতার আয়োজন। প্রচলিত ইফতার মাহফিলের বিপরীতে এখানে ছিল শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ।
প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে খোলা আকাশের নিচে মাটির সানকিতে করে ইফতার পরিবেশন করা হয়। এত বড় সমাগম থাকলেও পুরো আয়োজনজুড়ে ছিল শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ; কোথাও দেখা যায়নি কোনো বিশৃঙ্খলা বা হইহুল্লোড়।
সকল শিক্ষার্থী মাটিতে সারিবদ্ধভাবে বসে একই ধরনের খাবার গ্রহণ করেন। ব্যতিক্রমী এই আয়োজন উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে এবং প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দও এমন আয়োজনকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য কাজী রাশিদুল হাসান রাশেদ, সরকারি তিতুমীর কলেজ শাখা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি রেজাউল করিম রেজা এবং ঢাকা মহানগর উত্তর জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল জব্বার।
এছাড়া অনুষ্ঠানে সরকারি তিতুমীর কলেজের অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন তিতুমীর কলেজ জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি এম. হাবিবুর রহমান সিদ্দিকী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ।




Comments