জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
গতকাল বুধবার (১ এপ্রিল) পবিত্র নগরী মক্কার হলিডেইন হোটেলের আল জাওহারা বলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভাটি এনসিপির সৌদি আরব ডায়াস্পোরা অ্যালাইন্সের উদ্যোগে অনুষ্ঠিত হয়। যেখানে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা সংসদকে জুলাই সনদ বাস্তবায়নের কেন্দ্রবিন্দু করতে চাই। আমরা চাই সংসদেই জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হোক কারণ ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ যেসব সমমনা দলগুলো আন্দোলনে আমাদের পাশে ছিল। প্রায় দুই হাজার ছাত্রছাত্রী ও সাধারণ জনগণ মৃত্যুবরণ করেছে, তিরিশ হাজারেও অধিক আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছে। তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না।
গত জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, এনসিপি ৩০টি আসনে নির্বাচন করে ৬টিতে জয় পেয়েছে। প্রবাসীদের অধিকার আদায় ও সংগঠিত হওয়ার ক্ষেত্রে এনসিপির সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালাইন্সের সদস্য সচিব মাহবুব আলম মনির। এছাড়া বিশেষ অতিথি হিসেবে যোগাযোগ সমন্বয়কারী কামরান হোসেন, যুগ্ম মুখ্য সংগঠক আতিকুর রহমান, সংগঠক রাসেল হোসাইন পাটোয়ারী, মক্কা আঞ্চলিক সমন্বয়ক তোফাজ্জল হোসেন, জেদ্দা আঞ্চলিক সমন্বয়ক ইয়াসির আরাফাত, নির্বাহী সদস্য মক্কা আহসারুল কারীম, নির্বাহী সদস্য জেদ্দা শাহাদাৎ সজীব, নির্বাহী সদস্য মক্কা সাকের মোহাম্মদ, নির্বাহী সদস্য মক্কা রিয়াজ আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




Comments