Image description

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, “যারা জুলাই সংস্কার থেকে দূরে সরে গেছে, তারা শহীদ জিয়াউর রহমানের রাজনীতি থেকে হাজার কিলোমিটার দূরে সরে গেছে। জুলাই সংস্কারের কথা প্রচার করে ক্ষমতায় এসে দলটি এখন ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে পল্টি মেরেছে।”

সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বুদ্ধিজীবী চত্বরে ‘রাকসু’ আয়োজিত “গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট শিশির মনির বলেন, “তাদের আচরণ দেখে মনে হয় তারা সংবিধান সম্পর্কে কিছুই জানে না। ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষ কোনো রক্তচক্ষুকে ভয় পায় না, তারা দুর্নীতির সিস্টেম থেকে মুক্তি চায়। যদি গুমের সংস্কৃতি বন্ধ করতে চান, তবে ‘গুম অধ্যাদেশ’কে আইনে রূপান্তর করতে হবে। রক্তের দাম দিতে হলে মায়ের আর্তনাদ ফিরিয়ে দিন। হঠাৎ বিদেশ থেকে এসে পার্লামেন্টে চুপ করে বসে থেকে সন্ধ্যায় সিনেমা হলে যাওয়া জাতি মেনে নেবে না।”

বিএনপিকে লক্ষ্য করে তিনি আরও বলেন, “বিএনপি জুলাই আন্দোলনকে গুরুত্ব দিতে চায় না। কারণ যারা এই আন্দোলনে জীবন দিয়েছে বা পঙ্গু হয়েছে, তাদের মধ্যে বিএনপির নেতাকর্মীদের নাম অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। একারণেই তারা এই আন্দোলনকে অবজ্ঞা করছে।”

ফ্যাসিবাদ প্রসঙ্গে তিনি বলেন, “অতীতে একটি ফেসবুক পোস্ট দিলে রাত ১২টায় ডিজিএফআই বাসায় হাজির হতো, এখনো তাই হচ্ছে। এর নামই ফ্যাসিবাদ। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের ছাত্রসমাজ যদি আবারও জেগে ওঠে, তবে গণভোটের রায় বাস্তবায়ন না করে কোনো উপায় থাকবে না।”

মানবকণ্ঠ/ডিআর