ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ১৩ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী, নির্ধারিত ১৩টি আসনের মধ্যে জামায়াতে ইসলামী থেকে ৮ জন এবং জোটের অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে ৫ জন মনোনয়ন পেয়েছেন। বিশেষ চমক হিসেবে তালিকায় স্থান পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।
জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থীরা হলেন—নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।
শরিক দলগুলোর মধ্য থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু এবং জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান মনোনয়ন পেয়েছেন। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিমকেও মনোনয়ন দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) তপশিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার (২১ এপ্রিল)। এরপর ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করা হবে। আপিল করার সুযোগ থাকবে ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দের পর আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসির নির্ধারিত আসন বণ্টন অনুযায়ী, এবার সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ১৩টি এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা মিলে একটি আসন পাবেন।
মানবকণ্ঠ/আরআই




Comments