মাঠজুড়ে বর্ষার পানি থই থই করছে, ভেতরের অবস্থা আরও ভয়াবহ। দরজা-জানালা সব ভাঙা, আর রুমের টিনগুলো এতটাই জরাজীর্ণ যে, যেকোনো মুহূর্তে সেগুলো ভেঙে পড়তে পারে। বৃষ্টি এলেই শ্রেণীকক্ষের ভেতরে পানি পড়ে, যা শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশকে অসম্ভব প্রতিকূল করে তুলছে। কাগজে-কলমে ১৭২ জন শিক্ষার্থী থাকলেও, এমন ভগ্নদশার কারণে তাদের নিয়মিত উপস্থিতি এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বলছিলাম নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দস্তানানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কথা। অবস্থা এমন যে, তা কেবল একটি ভবন নয়, যেন শিক্ষার এক ভঙ্গুর প্রতিচ্ছবি।
জানা যায়, বিদ্যালয়টি ২০২৩ সালে এমপিওভুক্ত হলেও শিক্ষার উপযোগী পরিবেশের ছিটেফোঁটাও এখানে নেই। ফলস্বরূপ, প্রতি বছরই বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা কমছে। মাঠের জলাবদ্ধতা ৩ থেকে ৪ মাস স্থায়ী হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীদের সেই পানি মাড়িয়েই ক্লাসরুমে যেতে হয়। পাঁচটি শ্রেণিকক্ষের প্রয়োজন হলেও মাত্র দুটি কক্ষে পাঠদান চলছে, যা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ।
শিক্ষার্থীরা জানায়, বৃষ্টি হলেই তাদের জামাকাপড় ও বইখাতা ভিজে একাকার হয়ে যায়। দরজা-জানালা ভাঙা ঘরে ক্লাস করতে তাদের একেবারেই ইচ্ছে করে না।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব মাহাতু বলেন, ‘পানি মাড়িয়ে ক্লাসরুমে যেতে হয়। জরাজীর্ণ ক্লাসরুম। বিকল্প কোনো ভবন না থাকার কারণে বাধ্য হয়ে সেখানেই পাঠদান করতে হচ্ছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন বলেন, ‘বিদ্যালয়ের জরাজীর্ণ টিনের রুমে বাধ্য হয়ে ক্লাস নিতে হচ্ছে। এখানে নতুন ভবন প্রয়োজন।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাদিম মোস্তফা বলেন, ‘আমাদের স্কুলটি অবকাঠামোর দিক থেকে অন্যান্য স্কুল থেকে পিছিয়ে রয়েছে। আমাদের পাঁচটি শ্রেণিকক্ষের প্রয়োজন, সেখানে রয়েছে মাত্র দুটি। স্কুল মাঠটিও দ্রুত সংস্কার প্রয়োজন। মাঠে ৩ থেকে ৪ মাস জলাবদ্ধতা লেগে থাকে।’
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ বলেন, ‘বিদ্যালয়টির বিষয়ে অবগত হয়েছি। দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

