ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৬নং বিলডোরা ইউনিয়নের শালুকান্দা গ্রামে চার দশক ধরে এক হিন্দু পরিবারের সঙ্গে কাজ করা গারো শ্রমিক শুনিল সাংমা (৮০) এর আকস্মিক মৃত্যু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধোবাউড়া উপজেলার গাঙ্গিন নগর এলাকার গারো বাসিন্দা শুনিল সাংমা প্রায় ৪০ বছর ধরে রাইমোহন মাষ্টারের বাড়িতে গবাদিপশুর দেখভাল, আবাদি জমি চাষ এবং দৈনন্দিন কাজ করতেন। গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে তিনি বাধ্যজনিত রোগে মারা যান।
মৃত্যুর পর স্থানীয় কোনো স্বজন উপস্থিত না থাকায়, সৎকারের কাজে অন্য এলাকার গারোদের সহযোগিতা নেওয়া হয়। এটি এলাকায় সন্দেহ ও প্রশ্নের জন্ম দিয়েছে।
রাইমোহন মাষ্টার বলেন, ‘শুনিল সাংমা আমাদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। আমরা তাঁকে বাবার মতোই দেখতাম। তাঁর মৃত্যু আমাদের জন্য খুব কষ্টের।’
তবে গারো সম্প্রদায়ের চেয়ারম্যান লিবার হন সাংমা জানান, ‘তিনি ব্যক্তিগতভাবে মৃত শুনিলকে চিনতেন না।’ অন্যদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক খান জানান, শাকুয়াই ইউনিয়নের বাট্টা বাজার এলাকার গারোদের স্বজন হিসেবে দেখিয়ে ভিন্ন এলাকার লোকজনকে সৎকারে যুক্ত করা হয়েছে। শালুকান্দা গ্রামে শুক্রবার দুপুরে স্থানীয়রা নিজস্বভাবে সৎকার সম্পন্ন করেছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলে আলাদা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। তবে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়রা বলছেন, এ ঘটনার পর পুরো এলাকায় নানা জল্পনা ছড়িয়েছে। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া গারো শ্রমিকের প্রকৃত পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব নয়।

