চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ‘ব্লকেড কর্মসূচিতে’ শত শত মানুষ মহাসড়কে অবস্থান নেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।
বিক্ষোভকারীরা ‘সড়ক চাই, ছয় লেন সড়ক চাই’, ‘আপস না রাজপথ, রাজপথ রাজপথ’ এমন স্লোগানে এলাকা প্রকম্পিত করেন। প্রতিবাদের অংশ হিসেবে স্লোগানের ফাঁকে ফাঁকে গানও পরিবেশন করেন তারা।
আন্দোলনকারীদের অভিযোগ, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি বর্তমানে ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই এখানে দুর্ঘটনায় প্রাণহানি বা পঙ্গুত্ব বরণের ঘটনা ঘটছে। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই তারা রাজপথে নেমেছেন।
স্থানীয়রা জানান, দেশের অর্থনীতি, পর্যটন শিল্প এবং রোহিঙ্গা শিবিরে ত্রাণ পরিবহনের জন্য এই রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন এই পথে চলাচল করে। অথচ ব্যস্ততম এই মহাসড়কটির বহু জায়গা এখনো সরু, কোথাও তীব্র ঢাল এবং কোথাও রয়েছে বিপজ্জনক বাঁক। এছাড়া রাতে লবণবাহী ট্রাক চলাচলের ফলে পানি পড়ে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।
বিক্ষোভকারীরা জানান, একই দাবিতে গত ৬ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছিল। পরবর্তীতে ১১ এপ্রিল সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছেও স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় তারা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘সড়ক অবরোধের বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

