গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিআইজি আশিক সাঈদ।
রোববার (৮ নভেম্বর) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
বিসিএস পুলিশ ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা আশিক সাঈদ এর আগে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), উপ-পুলিশ কমিশনারসহ জিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দায়িত্ব গ্রহণের পর নতুন কমিশনার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রারম্ভিক বক্তব্যে আশিক সাঈদ নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের নির্দেশ দেন।
এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শিগগিরই মতবিনিময় করার আগ্রহ প্রকাশ করেন নবাগত পুলিশ কমিশনার।
বিএইচ

