নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত ২টার দিকে জামিয়া আশরাফিয়া মাদরাসায় এ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অসুস্থ শিক্ষার্থীদের নিয়ে স্বজন ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করতে দেখা যাায়। কেউ চিকিৎসা নিচ্ছেন, আবার কেউ চিকিৎসার অপেক্ষায় রয়েছেন। মাদ্রাসার কয়েকজন শিক্ষকও অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। অন্য শিক্ষকরা শিক্ষার্থীদের দেখভাল করছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক জানান, হাসপাতালে আসা ৪৮ জনের মধ্যে আশঙ্কাজনক ৩ জনকে আইসিইউতে নেওয়া হয়েছে।
যাদেরকে আইসিইউতে নেওয়া হয়েছে তারা হলেন- ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে যায়। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নেভানো হয়। পাঁচতলা মাদরাসা ভবনের দোতলায় এই আগুন লেগেছিল। মাদরাসা ভবনটির দোতলায় লাইব্রেরি ছিল বলে হাসপাতালে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন। আগুনে লাইব্রেরিটি পুড়ে গিয়েছে।
এ বিষয়ে মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান বলেন, মাদ্রাসার লাইব্রেরির যে স্থানে আগুনের সূত্রপাত, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুন লাগার পর ধোঁয়া পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা শ্বাসকষ্টে আক্রান্ত হয়।
তিনি আরও জানান, মাদ্রাসায় একাধিক সিঁড়ি থাকায় আগুন লাগার পর শিক্ষার্থীরা দ্রুত ভবন থেকে বের হতে পেরেছে।
বিএইচ
