অরাজনৈতিক ঘোষিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে গিয়ে রাজনৈতিক কর্মসূচি পালনের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী–এর বিরুদ্ধে। অভিযোগটি করেছেন ছাত্রলীগের হাতে নিহত আবরার ফাহাদ–এর ভাই আবরার ফাইয়াজ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বুয়েটে তারাবির নামাজ আদায় করতে যান নাসীরুদ্দীন। এ সময় তার উপস্থিতিতে রাজনৈতিক স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আবরার ফাইয়াজ ও কয়েকজন শিক্ষার্থী।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আবরার ফাইয়াজ বলেন, দীর্ঘ আন্দোলন ও ত্যাগের বিনিময়ে বুয়েটে ছাত্র-রাজনীতিমুক্ত পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন অনাকাঙ্ক্ষিত। তিনি উল্লেখ করেন, নামাজ পড়তে আসায় আপত্তি নেই; তবে নামাজের পর স্লোগান বা মিছিল অরাজনৈতিক নীতির পরিপন্থী।
অভিযোগের জবাবে নাসীরুদ্দীন পাটোয়ারী ফেসবুকে লেখেন, শিক্ষার্থীদের আমন্ত্রণে তিনি তারাবির নামাজ পড়তে যান এবং আগেই তাকে জানানো হয় যে কোনো বক্তব্য দেওয়া যাবে না। তিনি তা মেনে নেন এবং শুধু নামাজ আদায় করেন।
তিনি আরও দাবি করেন, নামাজ শেষে আবরার ফাহাদ ও ৫৭ জন সেনা কর্মকর্তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরবর্তীতে বুয়েটের বাইরে পলাশীতে গিয়ে তিনি গণমাধ্যমে কথা বলেন। সেখানে কেউ “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগান দিলে তিনি নিজেই তা থামিয়ে দেন বলে জানান।
ঘটনাটি ঘিরে বুয়েটের অরাজনৈতিক অবস্থান ও ক্যাম্পাসে রাজনৈতিক উপস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments