Image description

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ‘মাওলানা ভাসানী স্টাডিজ’ কোর্সের শিক্ষক এবং মজলুম জননেতা মাওলানা ভাসানীর সাবেক ব্যক্তিগত সচিব, বিশিষ্ট গবেষক ও লেখক সৈয়দ ইরফানুল বারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটে টাঙ্গাইলের সন্তোষে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এই প্রয়াণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৪৫ সালের ১ মার্চ কিশোরগঞ্জে জন্ম নেওয়া সৈয়দ ইরফানুল বারী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই তিনি প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৬৭ সালে মাওলানা ভাসানীর ডাকে সাড়া দিয়ে তিনি সন্তোষে চলে আসেন এবং ১৯৬৯ সাল থেকে মওলানা ভাসানীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ভাসানীর আমৃত্যু তিনি তাঁর ছায়াসঙ্গী ও বিশ্বস্ত সহচর হিসেবে দেশ-বিদেশে বিভিন্ন লড়াই-আন্দোলনের সাক্ষী ছিলেন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘মাওলানা ভাসানী স্টাডিজ’ কোর্স চালুর পর থেকেই তিনি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর লেখনী ও গবেষণার মাধ্যমে তিনি নতুন প্রজন্মের কাছে মওলানা ভাসানীর রাজনৈতিক দর্শন ও সংগ্রামী জীবন তুলে ধরতেন।

সৈয়দ ইরফানুল বারীর মৃত্যুতে মাভাবিপ্রবি পরিবার গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর প্রয়াণে দেশ একনিষ্ঠ ভাসানী গবেষক ও নির্লোভ দেশপ্রেমিক ব্যক্তিত্বকে হারালো। মাওলানা ভাসানীর আদর্শ প্রচারে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

মানবকণ্ঠ/ডিআর