নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আর কোনো কার্যালয় খোলা হলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে কঠোর প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
নরসিংদীর মাধবদীতে এক নারীকে ‘ধর্ষণ ও হত্যার’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সাদিক কায়েম অভিযোগ করে বলেন, “বর্তমান সময়ে আবারও আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা চালানো হচ্ছে। বর্তমান সরকার জুলাই বিপ্লবের যোদ্ধাদের অবমূল্যায়ন করছে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণহত্যাকারী দলের কোনো রাজনৈতিক তৎপরতা এ দেশের মাটিতে আর বরদাশত করা হবে না।
এদিকে বিক্ষোভ মিছিলে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ গুরুতর অভিযোগ তুলে বলেন, “ছাত্রদলের বিরুদ্ধে নারী হেনস্তার অভিযোগ উঠছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নরসিংদীতে যারা ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধ করেছে, তাদের রাজনৈতিক প্রশ্রয় দেওয়া হচ্ছে।”
ডাকসু নেতারা স্পষ্ট জানিয়ে দেন, দেশে যদি চাঁদাবাজি, দখলদারিত্ব ও নারী নির্যাতন না থামে, তবে এই সরকারের পতনও নিশ্চিত হয়ে পড়বে। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামবে।
বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments