পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা ১৭ দিনের ছুটিতে যাচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা। আগামী ৯ মার্চ থেকে শুরু হওয়া এই ছুটি চলবে ২৫ মার্চ পর্যন্ত। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত ক্লাস ও পরীক্ষা কার্যক্রম স্থগিত রাখা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ এই ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে। দাপ্তরিক প্রয়োজনে নির্ধারিত রোস্টার অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটি শেষে আগামী ২৬ মার্চ থেকে পুনরায় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক কার্যক্রম শুরু হবে। দীর্ঘ ছুটির খবরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই পরিবারের সঙ্গে পবিত্র রমজান ও ঈদ পালন করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments