সারা দেশের শহর ও গ্রামাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে তদারকি ও দিক-নির্দেশনা প্রদানের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং বছরব্যাপী এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে। বিষয়টি ‘অতীব জরুরি’ উল্লেখ করে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৫টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে-
১. ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বেই প্রাঙ্গণ ও শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।
২. প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখার বিষয়টি নিয়মিত তদারকি ও জোরদার করতে হবে।
৩. প্রতি সপ্তাহে অন্তত একদিন শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।
৪. শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং বাগানের পরিচর্যা নিশ্চিত করতে হবে।
৫. শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বোধ তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করতে হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের অধীনস্থ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই নির্দেশনাগুলো অবিলম্বে বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে। মূলত শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যসম্মত ও সুন্দর শিক্ষার পরিবেশ বজায় রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
মানবকণ্ঠ/ডিআর




Comments