Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান ভবনের ছাদের পলেস্তারা ধসে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার প্রতিবাদে অভিনব ও প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে গণিত বিভাগের দুই শিক্ষার্থীকে মাথায় মোটরসাইকেলের হেলমেট পরে ক্লাসে অংশ নিতে দেখা যায়। অবকাঠামোগত চরম ঝুঁকির মধ্যে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে তারা এই ব্যতিক্রমী প্রতিবাদ করেন।

হেলমেট পরে ক্লাসে আসা ওই দুই শিক্ষার্থী হলেন— গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নাঈম ও মাহমুদুল হাসান। তাদের এমন উপস্থিতি সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শিক্ষার্থী নাঈম জানান, "গতকাল ছাদের পলেস্তারা পড়ে আমাদের সহপাঠীরা গুরুতর আহত হয়েছেন। আজ ক্লাসে বসে আমরা কেউ নিরাপদ বোধ করছি না। নিজের জীবনের নিরাপত্তার জন্যই প্রতীকীভাবে হেলমেট পরেছি, যাতে প্রশাসনের টনক নড়ে। এর দ্রুত স্থায়ী সমাধান না হলে ক্যাম্পাসে আতঙ্ক আরও বাড়বে।"

গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেন, "প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে আমার নিজের কক্ষটিও বেশ ঝুঁকিপূর্ণ। দায়িত্ববোধ থেকে সেখানে অবস্থান করলেও আমরা সবাই আতঙ্কে আছি।"

উল্লেখ্য, গত বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সেমিনার কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের তানভীর নিয়াজ ফাহিম ও মাহফুজুর রহমান মিতুল গুরুতর আহত হন। এই ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের জরাজীর্ণ অবকাঠামো ও প্রশাসনিক অবহেলা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঝুঁকিপূর্ণ কক্ষগুলোতে প্রবেশ সীমিত করার কথা জানালেও শিক্ষার্থীরা একে লোকদেখানো পদক্ষেপ বলে অভিহিত করেছেন।

মানবকণ্ঠ/ডিআর