সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) স্বপ্নদ্রষ্টা ও গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১১ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের নেতৃত্বে সাভারে অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।
দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সমাধিস্থলে গিয়ে শেষ হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় গবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনকালে বক্তারা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বর্ণাঢ্য জীবন ও দেশের স্বাস্থ্যখাতে তার অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন।
উল্লেখ্য, দেশের প্রথিতযশা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজানে জন্মগ্রহণ করেন। ২০২৩ সালের ১১ এপ্রিল তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments