রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামী ছাত্রশিবিরের ‘গুপ্ত রাজনীতি’ অবিলম্বে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শিবির যদি তাদের গোপন কার্যক্রম বন্ধ করে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে না আসে, তবে ক্যাম্পাসে তাদের সকল কার্যক্রম পুরোদমে নিষিদ্ধ করা হবে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দলীয় টেন্টের সামনে দেয়াললিখন কর্মসূচির মাধ্যমে এই দাবি জানানো হয়। কর্মসূচিতে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, গণ-অভ্যুত্থানের পর জামায়াত-শিবির নিজেদের সরাসরি প্রকাশ না করে ছদ্মনামে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। তারা অতীতে ছাত্রলীগের ছায়াতলে থেকে হেলমেট পরে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে এবং বর্তমানেও ‘মব কালচার’ ও ‘গুপ্ত রাজনীতির’ মাধ্যমে সহিংসতা উসকে দিচ্ছে।
রাহী আরও অভিযোগ করেন, ‘শিবিরকে তাদের রাজনৈতিক পরিচয়ে ডাকলে বা রাজাকার বললে তাদের আঁতে লাগে। অথচ তারা প্রতিষ্ঠিত রাজাকার এবং একাত্তরে এদেশের মানুষের ওপর চরম নির্যাতন চালিয়েছিল। আমরা স্পষ্ট ভাষায় বলছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো গুপ্ত রাজনীতি সহ্য করা হবে না। তাদের সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে হবে, অন্যথায় ক্যাম্পাস থেকে তাদের বিতাড়িত ও নিষিদ্ধ করা হবে।’
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সূচনা হয়েছিল দেয়াললিখনের প্রতিবাদী ভাষার মাধ্যমে। সেই অনুপ্রেরণা থেকেই আজ তারা সব ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়েছেন। দেশবিরোধী কোনো শক্তির স্থান বাংলাদেশে হবে না বলেও তিনি মন্তব্য করেন।
দেয়াললিখন কর্মসূচিতে শাখা ছাত্রদল ও বিভিন্ন হলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় তারা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং সব ধরনের সহিংস ও গোপন রাজনীতি বর্জনের স্লোগান দেন।
মানবকণ্ঠ/আরআই




Comments