যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক ‘তারামন বিবি’ হলের ডাইনিংয়ের খাবার খেয়ে অন্তত ৭০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। ‘ফুড পয়জনিং’ বা খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারসহ যশোরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ক্যাম্পাস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে তারামন বিবি হলের ডাইনিংয়ে দেড় শতাধিক শিক্ষার্থী রাতের খাবার খান। খাবার তালিকায় ছিল ভাত, মাংস, ভর্তা ও ডাল। যারা ডাইনিংয়ের খাবার খেয়েছিলেন, তাদের মধ্য থেকেই অন্তত ৭০ জন শিক্ষার্থী বমি, পেটব্যথা ও পাতলা পায়খানাসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হন। শিক্ষার্থীদের দাবি, ওই রাতের ‘ডাল’ খেয়েই মূলত এই ফুড পয়জনিংয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল থেকে অসুস্থ ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ডা. এম আর খান মেডিকেল সেন্টারে ভিড় করতে থাকেন। রোগীর সংখ্যা বাড়তে থাকায় সেখানে চিকিৎসা দিতে হিমশিম খান চিকিৎসক ও সহকারীরা। পরে গুরুতর অসুস্থ অন্তত ২০ জন ছাত্রীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ডা. এম আর খান মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. তারিক হাসান বলেন, “অসুস্থ সবার লক্ষণ প্রায় একই রকম। ডাইনিংয়ের খাবার থেকে সম্ভবত বিষক্রিয়া ছড়িয়েছে। ডায়রিয়াজনিত কারণে অনেকের শরীরে ফ্লুইডের ঘাটতি দেখা দেওয়ায় তারা দ্রুত দুর্বল হয়ে পড়েছেন। আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।”
হলের প্রভোস্ট ড. মোছা. আফরোজা খাতুন জানান, ছাত্রীদের অসুস্থতার খবর পেয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার গভীর রাতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে যান যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। তিনি শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা নাজমুল হোসাইন জানান, আক্রান্ত শিক্ষার্থীদের অধিকাংশই এখন সুস্থ হয়ে হলে ফিরছেন। হাসপাতালের চিকিৎসাধীনদের অবস্থাও উন্নতির দিকে।
মানবকণ্ঠ/ডিআর




Comments