Image description

আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা পদ্ধতি (আইইএলটিএস) কার্যক্রমকে আরও সহজ এবং শিক্ষার্থীবান্ধব করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে এখন থেকে বাকৃবিতেও আইইএলটিএস পরীক্ষার নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ময়মনসিংহ অঞ্চলের পরীক্ষার্থীরা আইইএলটিএস পরীক্ষার নিবন্ধন সহজেই করতে পারবে।

শনিবার (৯ মে) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিপাক্ষীয় এক সভায় আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া এবং ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বসের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন। 

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন- উচ্চশিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক যোগাযোগে ইংরেজি ভাষা দক্ষতার গুরুত্ব দিন দিন বাড়ছে। এ উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষা ও ক্যারিয়ার গঠনে নতুন সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ কাউন্সিলের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।