রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। ২১টি আসন ফাঁকা রেখেই রোববার (১০ মে) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। দীর্ঘ ভর্তি প্রক্রিয়া ও নানা প্রতীক্ষার পর নবীন শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথম দিনে নতুন পরিবেশ ও বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে উচ্ছ্বাস-উদ্দীপনায় মেতে ওঠেন শিক্ষার্থীরা। ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে নতুনদের বরণ করে নেন শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষার্থীরা। শহীদ মিনার, প্যারিস রোড ও টুকিটাকি চত্বরসহ পুরো ক্যাম্পাসজুড়ে ছিল নবীনদের প্রাণবন্ত উপস্থিতি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, "একঝাঁক তরুণ প্রাণের উচ্ছ্বসিত পদচারণায় আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় মুখরিত। আমরা শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। এখান থেকে অর্জিত জ্ঞান ও মানবিক মূল্যবোধের মাধ্যমে শিক্ষার্থীরা দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।"
ভর্তি ও আসন ফাঁকা থাকা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম জানান, বর্তমানে 'এ' ইউনিটে ১৩টি আসন ফাঁকা রয়েছে যা পূরণযোগ্য। তবে 'সি' ইউনিটে ৮টি আসন ফাঁকা থাকলেও নিয়মানুযায়ী তা আর পূরণযোগ্য নয়। তিনি আরও জানান, আগামীতে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে সেখানে ভালো বিষয় পেয়ে কিছু শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে চলে যেতে পারে, ফলে ভবিষ্যতে আরও কিছু আসন ফাঁকা হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রথম দিনের অনুভূতি প্রকাশ করে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের নবীন শিক্ষার্থী রাফি হাওলাদার বলেন, "আজ দীর্ঘ প্রতীক্ষা ও পরিশ্রমের এক স্বপ্নময় অধ্যায়ের সূচনা হলো। অনেক অনিশ্চয়তা পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। স্বপ্নকে জয় করার লক্ষ্যে এই পথচলা সার্থক করতে চাই।"
মানবকণ্ঠ/ডিআর




Comments