জাবিতে শিক্ষার্থী ধর্ষণচেষ্টার ঘটনার আগে চার ঘণ্টা ক্যাম্পাসে ঘুরে বেড়ায় অভিযুক্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা গেছে, ঘটনার দিন অভিযুক্ত যুবক সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা চার ঘণ্টা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নির্বিঘ্নে ঘুরে বেড়িয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এসব তথ্য তুলে ধরেন।
প্রক্টর জানান, গত ১২ মে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে অভিযুক্ত ওই যুবক ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন বিশমাইল গেইট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। এরপর সে প্রান্তিক গেইট, চৌরঙ্গী, পদ্মপুকুর, মেডিকেল, ট্রান্সপোর্ট, আ ফ ম কামালউদ্দিন হল, শহীদ মিনার এবং পুরাতন প্রশাসনিক ভবনসহ বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, যুবকটি রাত ৮টা থেকে ১১টার মধ্যে একাধিকবার ঘটনাস্থল ও এর আশপাশের এলাকা (শহীদ সালাম বরকত হল ও ট্রান্সপোর্ট চত্বর) দিয়ে সন্দেহজনকভাবে যাতায়াত করেছে। সবশেষ রাত ১১টা ১ মিনিটে সে সালাম বরকত হলের দিকে যায় এবং ফেরার পথে ১১টা ১৩ মিনিটে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে।
তবে ঘটনার পর অভিযুক্ত কীভাবে ক্যাম্পাস থেকে বের হয়ে গেছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে প্রক্টর রাশিদুল আলম বলেন, "আমাদের একাধিক মনিটরে সিসিটিভি রেকর্ডিং পর্যবেক্ষণ চলছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। আমরা সব ফুটেজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সহায়তা করছি। পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে অপরাধীকে খুঁজে বের করতে কাজ করছে।"
তিনি আরও বলেন, "রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও নির্বাচিত সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, দ্রুত এই অপরাধীকে গ্রেপ্তার করে একটি দৃষ্টান্তমূলক নজির স্থাপন করা হোক।"
মানবকণ্ঠ/আরআই




Comments