রাজধানীর মালিবাগ প্রথম লেনের উত্তর প্রান্তে বিভিন্ন জায়গায় গ্যাসের গন্ধ পাচ্ছেন পথচারীরা। মঙ্গলবার এ গন্ধ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে স্থানীয়রা গত ঈদুল ফিতরের সময়ও গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার কথা স্মরণ করে আতঙ্কিত হয়ে পড়েন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর সোনারগাঁও রোডে (পুকুরপাড়), ৩১০ ফ্রি স্কুল স্ট্রিটে দারুল কুরআন মডেল মাদরাসার সামনের গলিতেও গ্যাসের গন্ধ পাওয়া যায়। এ সময় সেখানে উপস্থিত জাতীয় একটি দৈনিক পত্রিকার এক সাংবাদিকের মনোযোগ আকর্ষণ করা হলে তিনিও গ্যাসের গন্ধ পাচ্ছেন জানিয়ে গত ঈদুল ফিতরের সময় তিতাস গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার প্রসঙ্গ তুলে শঙ্কা প্রকাশ করেন।
ঈদুল আজহার এক দিন আগে আবারও তিতাস গ্যাসের এমন গন্ধ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে জানতে চাইলে তিতাস গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মো. লুৎফুল হায়দার মাসুম মঙ্গলবার সময়ের আলোকে বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই।
গত ঈদুল ফিতরের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তীব্র গন্ধযুক্ত এক ধরনের রাসায়নিক ‘অডোরেন্ট’ ব্যবহারের কারণে তখন গন্ধ পাওয়া গিয়েছিল। তখন আমরা ওই রাসায়নিকের ব্যবহার একটু বেশি করেছিলাম। তবে এবার এ রাসায়নিকের ব্যবহার করেছি নিয়ন্ত্রিতভাবে। তাই গত ঈদের মতো গন্ধ ছড়াবে না।
গন্ধ না ছড়ালে হয়তো আতঙ্কও ছড়াবে না কিন্তু তাতে ঝুঁকি তো কমছে না, কারণ গ্যাস ছড়ানো বন্ধ না হলে তো আতঙ্ক থেকেই যায়। এ কথার পরিপ্রেক্ষিতে মহাব্যবস্থাপক বলেন, গত ঈদুল ফিতরের সময় গ্যাস ছাড়িয়ে পড়ে যেসব সমস্যার কারণে, সেসব সমস্যা নিরসনে আমাদের কাজ চলছে। তাই গত ঈদের মতো এই ঈদেও গ্যাসের সমস্যা নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানাচ্ছি।
প্রসঙ্গত ঈদুল ফিতরকে কেন্দ্র করে ফাঁকা হওয়া রাজধানীতে গত ২৪ এপ্রিল রাতে রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাসের গন্ধ পাওয়া যায়। সে সময় তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লাহ সময়ের আলোকে বলেছিলেন, ঝাঁঝালো গন্ধযুক্ত এক ধরনের রাসায়নিক ‘অডোরেন্ট’ ব্যবহারের কারণে রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাসের গন্ধ পাওয়া যায়।
রাজধানীর মালিবাগ, রামপুরা, বাড্ডা, বনশ্রী এবং বেইলি রোডসহ বিভিন্ন এলাকায় তখন গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছিল। আর এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওইসব এলাকায় নাগরিকদের মধ্যে। আশঙ্কা থেকে অনেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯, ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস ও স্থানীয় থানাসহ বিভিন্ন স্থানে ফোন করেন। মালিবাগসহ বিভিন্ন জায়গায় মসজিদের মাইকে গ্যাসের গন্ধ পাওয়ার কথা জানিয়ে স্থানীয়ভাবে সতর্ক করা হয়-কেউ যেন দিয়াশলাই বা বিড়ি-সিগারেটে আগুন না জ্বালান এবং গ্যাসের লাইন বন্ধ রাখেন।
এর পরিপ্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গন্ধ ছড়িয়ে পড়ার বিষয়ে ব্যাখ্যা দিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছিল। পরের দিন ২৫ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘গত ২৪ এপ্রিল (সোমবার) রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ঢাকার রামপুরা, বাড্ডা, বনশ্রী, বেইলি রোডসহ কয়েকটি এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তিতাস গ্যাসের ১৪টি ইমারজেন্সি টিম এসব এলাকা সরেজমিন পরিদর্শন করে এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একই সঙ্গে যেসব ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশনের মাধ্যমে ঢাকায় গ্যাস সরবরাহ করা হয়ে থাকে, সেসব ডিআরএস থেকে গ্যাসের চাপ কমিয়ে দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।’
আর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলে, ‘পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে শিল্প-কারখানা বন্ধ থাকাসহ স্বাভাবিক সময়ের তুলনায় গ্যাসের ব্যবহার হ্রাস পাওয়ায় গ্যাস সরবরাহ লাইনে চাপ কিছুটা বৃদ্ধি পায়। বর্তমানে গ্যাসের সরবরাহ লাইনে চাপ স্বাভাবিক রয়েছে এবং গ্যাসের সরবরাহ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। জনসাধারণকে আতঙ্কিত না হয়ে নির্বিঘ্নে গ্যাস ও গ্যাসের চুলা ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।’
ঈদের ছুটিতে কলকারখানা বন্ধ থাকা এবং বাসাবাড়িতে গ্যাসের ব্যবহার কমে যাওয়াই স্বাভাবিক। প্রতি ঈদেই তা হয়। কিন্তু এবারই কেন গ্যাসের গন্ধ পাওয়া গেল? এমন প্রশ্নের জবাবে মো. হারুনুর রশীদ মোল্লাহ সময়ের আলোকে বলেছিলেন, গ্যাসের ওভারফ্লো খুব বেশি হয়েছে তা নয়। আসলে গ্যাসের গন্ধ বেড়েছে। তার কারণ হচ্ছে, আমরা গ্যাসের গন্ধ বাড়ার জন্য গ্যাসের সঙ্গে অডোরেন্টের ব্যবহার বাড়িয়ে দিয়েছি। অডোরেন্ট হচ্ছে এক ধরনের ঝাঁঝালো গন্ধযুক্ত রাসায়নিক। কোথাও গ্যাস লিক হলে এই গন্ধ অনেক দূর পর্যন্ত চলে যায়। স্থানীয় মানুষ যেন গ্যাস লিক হলে তাড়াতাড়ি টের পায় সে জন্যই এই উদ্যোগ। কারণ স্থানীয় জনগণ যত তাড়াতাড়ি টের পাবে, তত তাড়াতাড়ি আমাদের জানাতে পারবে, আর আমরাও কোনো বিপদ হওয়ার আগে সমস্যা সমাধান করতে পারব। তাই এই রাসায়নিকের ব্যবহার বাড়ানো হয়েছে এবং আমাদের উদ্যোগ সফল হয়েছে।
তিনি বলেন, এটা প্রথম হওয়ায় মানুষ আতঙ্কিত হয়েছে। তবে খবর পেয়ে আমরা গ্যাসের সরবরাহ কমিয়ে দিয়েছি, তাতে ঘণ্টাখানেকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
তিনি বলেন, ধরুন কোথাও কেউ গ্যাসের অবৈধ সংযোগ নিয়েছে কিন্তু সেখানে ঠিকমতো বন্ধ করেনি, সেখান থেকেও লিক হতে পারে। কখনো এমন অভিযোগ পাওয়া যায় যে, গ্যাসের লাইন থেকে পানি বের হচ্ছে, কারণ হচ্ছে, লাইনে যখন গ্যাস ছিল না তখন পানি ঢুকে পড়েছে, এখন গ্যাস আছে, তাই গ্যাস বের হচ্ছে, আর কিছু না।
তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লাহ মঙ্গলবার সময়ের আলোকে বলেন, এই গন্ধ পাওয়া কিন্তু খারাপ কিছু না। গন্ধ পাওয়ার জন্যই এই রাসায়নিক মেশানো হয়। এটি আনেক টাকা দিয়ে কিনে আনতে হয়। গন্ধটা পেলে কোথাও গ্যাস ছড়ালে স্থানীয় মানুষ আমাদের খবর দেবে, তাতে সমস্যা দ্রুত সমাধান করা যাবে। কিন্তু গত ঈদে যে সমস্যা হয়েছিল, সেটি মাথায় রেখে এবার আমরা রাজধানীতে গ্যাসের চাপ কমিয়ে দিয়েছি। তাই আতঙ্কি হওয়ার কিছু নেই। শুধু সচেতন থাকতে হবে।

