ভূমিকম্পের কারণে রাজধানীর অন্তত ছয়টি মেট্রোরেল স্টেশনে ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষে এবং বিজয় সরণির প্রবেশদ্বারের দেয়ালে ফাটল ধরা পড়েছে। এছাড়া, পল্লবী স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন ফ্লোর ও নিয়ন্ত্রণ কক্ষের দেয়ালেও ফাটল দেখা গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে দেখা যায়, মিরপুর-১১ স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশনের ফ্লোর, মিরপুর-১০ স্টেশনের টাইলসের কয়েকটি স্থানে এবং ফার্মগেট স্টেশনের যাত্রী লিফট কোরের ভেতরের দেয়ালেও ফাটল ধরেছে।
পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে গিয়ে দেখা যায়, সেখানকার দেয়ালে ফাটল ধরেছে। সন্ধ্যার দিকে কক্ষে উপস্থিত তিন ব্যক্তির কাছে জানতে চাওয়া হলে ভবনের দেয়ালে ফাটলের কথা অস্বীকার করেন স্টেশন কন্ট্রোলার মো. সায়েম। পরে তাকে ফাটল দেখালে বলেন, আগেও ফেটে থাকতে পারে, আবার ভূমিকম্পেও ফাটতে পারে। আমি জানি না। এখন আমি প্রথম দেখলাম। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
কারওয়ান বাজার স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশনের ফ্লোরে ফাটল ধরা পড়লেও কক্ষটি রাতের সময় বন্ধ ছিল। মিরপুর-১০ স্টেশনের এক কর্মী জানান, কয়েক জায়গার টাইলসে ফাটল দেখা গেছে। অন্যান্য স্টেশনের কর্মীরাও এই ফাটলের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ কল রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি। তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘ফাটল দেখা গেছে, তবে এগুলো সিরিয়াস নয়। আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে। ট্রায়াল রান করে কোনো অসুবিধা না দেখে মেট্রো চলানো হচ্ছে এবং ভূমিকম্পের পর স্টেশনগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

