রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ মোহাম্মদ ইউসুফ আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে এক ব্যক্তি অবৈধ অস্ত্রসহ ওই এলাকায় অবস্থান করছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটের দিকে পল্লবী থানাধীন সেকশন-১১ বাউনিয়াবাঁধ এলাকার হ্যাভেন সিটির পশ্চিম পাশে অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলিসহ মোহাম্মদ ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়।
ডিসি তালেবুর রহমান আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments