Image description

সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় রাজধানীর বাড্ডার সাঁতারকুলে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম অভিযোগপত্র গ্রহণের শুনানি শেষে এই আদেশ দেন।

যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তারা হলেন—সার্জন ডা. তাসনুভা মাহজাবীন, স্পেশাল অ্যানেসথেসিস্ট ডা. সৈয়দ সাব্বির আহমেদ এবং সহকারী স্পেশাল অ্যানেসথেসিস্ট ডা. মো. নাজিম উদ্দিন।

মামলার বাদী ও শিশু আয়ানের বাবা মো. শামীম আহমেদ গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভুল চিকিৎসা ও অবহেলার কারণে তার পাঁচ বছর নয় মাস বয়সী ছেলে আয়ান আহমেদের মৃত্যু হয়েছে—এমন অভিযোগে সম্প্রতি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বৃহস্পতিবার ওই অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানির দিন ধার্য থাকলেও অভিযুক্ত তিন চিকিৎসক আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

শিশু আয়ান রাজধানীর একটি বেসরকারি স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তাকে সুন্নতে খতনা করাতে সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অ্যানেসথেসিয়া প্রয়োগের মাধ্যমে খতনা করা হলেও অপারেশনের কয়েক ঘণ্টা পরও তার জ্ঞান না ফেরায় তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে আট দিন লাইফ সাপোর্টে থাকার পর ২০২৪ সালের ৭ জানুয়ারি দিবাগত রাতে চিকিৎসকেরা আয়ানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ৯ জানুয়ারি আয়ানের বাবা শামীম আহমেদ অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে বাড্ডা থানায় মামলা দায়ের করেন। এর আগে ২০২৪ সালের ১৯ জানুয়ারি অভিযুক্ত চিকিৎসকদের মধ্যে ডা. তাসনুভা মাহজাবীন ও ডা. সৈয়দ সাব্বির আহমেদ আদালতে হাজির হয়ে জামিন নেন।

মানবকণ্ঠ/আরআই