Image description

রাজধানীর পল্লবীতে একটি বাসা থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রতিবেশীদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিল। ঋণের চাপ ও মানসিক হতাশা থেকে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাচ্ছে না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিস্তারিত তদন্তের পর আরও তথ্য জানা যাবে।

মানবকণ্ঠ/আরআই