Image description

শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রাকালে পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ অন্তত ৯৬ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে শুরু হওয়া এই সংঘর্ষ রাজধানীর রমনা, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে গত বৃহস্পতিবার থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।

ইনকিলাব মঞ্চের দাবি, সংঘর্ষের সময় পুলিশের গুলিতে তাদের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুরুতর আহত হয়েছেন। তবে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, জাবেরের শরীরে স্প্লিন্টার জাতীয় কোনো বস্তুর আঘাত থাকতে পারে, তবে সেটি নিশ্চিতভাবে গুলির আঘাত কি না তা এখনো স্পষ্ট নয়।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ইনকিলাব মঞ্চের সদস্য সচিবসহ মোট ২৩ জন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে বিবৃতিতে আরও দাবি করা হয় যে, আহতদের কারও শরীরে গুলির আঘাত পাওয়া যায়নি।

তবে হাসপাতালের তথ্য অনুযায়ী, দুপুর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মোট ৯৬ জন নেতাকর্মী জরুরি বিভাগে প্রাথমিক ও উন্নত চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

উল্লেখ্য, জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ এই কর্মসূচি পালন করছিল। এর আগে থেকেই নিরাপত্তার স্বার্থে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে কড়া ব্যারিকেড ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ ও তৎসংলগ্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মানবকণ্ঠ/ডিআর