Image description

পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে ব্যবসা-বাণিজ্য এবং নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ‘এস্কর্ট’ সেবা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, রমজান ও ঈদে নগদ লেনদেনের পরিমাণ বেড়ে যাওয়ায় চুরি, ছিনতাই ও প্রতারণার ঝুঁকি বাড়ে। এজন্য বড় অঙ্কের নগদ অর্থ বা মূল্যবান সামগ্রী পরিবহনের ক্ষেত্রে পুলিশের সহায়তা নিতে চাইলে সংশ্লিষ্ট থানা বা ডিএমপির কন্ট্রোল রুমে আগাম যোগাযোগ করতে হবে।

তিনি আরও জানিয়েছেন, সেবাপ্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব যানবাহনের ব্যবস্থা করতে হবে। প্রয়োজন অনুযায়ী পুলিশ এস্কর্ট দিয়ে নিরাপত্তা নিশ্চিত করবে। জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে কল করার জন্যও জনগণকে অনুরোধ করা হয়েছে।

ডিএমপি নাগরিকদের নিরাপদ লেনদেন নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই বিশেষ সহায়তা গ্রহণের আহ্বান জানিয়েছে।

যোগাযোগ নম্বর: ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫, ০১৩২০-০৩৭৮৪৬

মানবকণ্ঠ/আরআই