Image description

ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাস অনুযায়ী, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকতে পারে। তবে সারাদেশেই রাত দিনের তাপমাত্রা আগের তুলনায় সামান্য বাড়তে পারে।