Image description

রাজধানীর হাজারীবাগে আনিশা ফেরদৌসী (২২) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে হাজারীবাগ টালি অফিস পানির পাম্পের গলির একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। 

আনিশা ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কম্পিউটার সায়েন্স বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আনিশার গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। তার পালক বাবা জলিল রহমানের কাছেই তিনি বড় হয়েছেন। সিটি কলেজে পড়ার সময় কুষ্টিয়ার সেলিম রানা নামে এক যুবকের সঙ্গে আনিশার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা পরিবারকে না জানিয়ে গোপনে বিয়ে করেন।

বিয়ের বিষয়টি গত ২২ দিন আগে জানাজানি হলে পরিবার প্রথমে তা মেনে নিতে চায়নি। এ নিয়ে আনিশার মনে ক্ষোভ ও অভিমানের সৃষ্টি হয়। পরবর্তীতে পরিবার বিষয়টি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে আজ শনিবার সকালে তাকে গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসে। কিন্তু বিকেলে সবার অলক্ষ্যে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন আনিশা। পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। হাজারীবাগ থানা পুলিশ ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখছে।

মানবকণ্ঠ/ডিআর