মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে জয়ী হয়ে তিনি বর্তমানে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। জাতীয় নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের প্রেক্ষাপটে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন ঈদের পর সিটি নির্বাচন আয়োজনের ইঙ্গিত দিয়েছে। এরই মধ্যে ঢাকার দুটিসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার, যাঁরা সবাই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা।
এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক সভায় শোনা যাচ্ছে, দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-কে ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। ফলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে—আবারও কি মুখোমুখি হতে যাচ্ছেন আসিফ ও ইশরাক?
ইশরাক হোসেন এর আগে ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনে অংশ নিয়েছিলেন। সে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। তবে ওই নির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগ ওঠে এবং ফলাফল প্রত্যাখ্যান করে ইশরাক আদালতে মামলা করেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে তাপস দেশত্যাগ করলে মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে আদালতের এক রায়ে ইশরাককে মেয়র ঘোষণা করা হলে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। তবে আইনি জটিলতার কারণে তিনি শেষ পর্যন্ত দায়িত্ব নিতে পারেননি।
সেই সময় তৎকালীন স্থানীয় সরকার উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে ইশরাকের সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছিল।
এবার সম্ভাব্য সিটি নির্বাচন সামনে রেখে দুই তরুণ রাজনৈতিক নেতার সম্ভাব্য লড়াই ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াতে শুরু করেছে রাজধানীর দক্ষিণাঞ্চলে।
মানবকণ্ঠ/আরআই




Comments