রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর দুই সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন—আয়েশা সিদ্দিকা অনন্যা এবং শেখ রাকিবুজ্জামান। বর্তমানে তাদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত আয়েশা সিদ্দিকা অনন্যার বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। তার বাবা পেশায় একজন অটোরিকশা চালক। অনন্যার অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার স্বজনরা বর্তমানে সৈয়দপুর থেকে ঢাকার পথে রয়েছেন। অন্যদিকে, নিহত শেখ রাকিবুজ্জামানের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ মার্চ) সকালে মিরপুর থানা থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। এরপর বিমানবাহিনীর নিজস্ব আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দুটি তাদের নিজ নিজ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গত সোমবার (৯ মার্চ) দুপুরে মিরপুর-২ এলাকার একটি ১১ তলা বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মানবকণ্ঠ/আরআই




Comments