রাজধানীর যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আল-আমিন (৩৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাতে শনিরআখড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আল-আমিন শনিরআখড়া এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করতেন। তার বাবার নাম মৃত আবুল খায়ের।
পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিজ ঘরে মোবাইলে চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক বোর্ডের স্পর্শে এসে বিদ্যুতায়িত হন আল-আমিন। এতে তিনি অচেতন হয়ে পড়লে প্রতিবেশী রাসেল তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। রাত দেড়টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আল-আমিনের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অসাবধানতাবশত বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আল-আমিনের এই অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments